জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে উচ্চপর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) ও অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কর্মরত মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে শাহনুর আহমেদ জানান, বিমানের জনসংযোগ ও গ্রাহকসেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে তিনি কাজ করবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব পালনে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে প্রাধান্য দেওয়া হবে।
অন্যান্য আদেশের মধ্যে, ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) কার্যালয়ে এবং স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে মূল দায়িত্বের পাশাপাশি স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) এবং উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। জহুরুল আলমকে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) পদের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মহাব্যবস্থাপক (পরিকল্পনা) এবং উপমহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপমহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে। বিএফসিসির উপমহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে বদলি করা হয়েছে।


























