সুশাসন ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে কোনো দেশের ওপর অন্যায্য শর্ত চাপিয়ে দেওয়ার পক্ষে সংস্থাটি নয় বলে স্পষ্ট করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার।
রোববার রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে ইইউ প্রস্তুত, তবে সেজন্য ব্যবসা-বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
মাইকেল মিলার আরও জানান, দেশে চলমান প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া সফল করতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। এছাড়া ইউরোপের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের জনপ্রশাসন সংস্কারে দক্ষতা ও সার্বিক সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন ইইউ প্রতিনিধি।


























