দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন এই দর রোববার থেকেই কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এবার বড় অঙ্কের মূল্যবৃদ্ধি ঘটল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া এবং পরিবহনে ব্যবহৃত ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী অন্যান্য আকারের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে।

























