গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২১৮ শিশুর শরীরে। এছাড়া হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১২২ শিশু।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্তবয়স্ক) সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গেই তিনটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০২ জন এবং এর উপসর্গ নিয়ে শিশুসহ ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে。
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪২৩ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৭৮ জন) ও সিলেট (১৩১ জন)। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ১৯, ময়মনসিংহে ১০৯, বরিশালে ১২৭, খুলনায় ৭৫ ও রংপুরে ৫৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
এর আগে গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭ জন এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ জনের মৃত্যুর খবর আসে।


























