আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বৃষ্টির প্রবণতা কমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গত সোমবার সিলেটে দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও সামান্য ওঠানামা করতে পারে। তবে বৃষ্টির দীর্ঘ বিরতির কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।






















