দেশের বিভিন্ন স্থানে গত সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮টি ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ। একই সময়ে গণপিটুনি বা মব সহিংসতার ৩৫টি ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ৩২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগঠনটির সংগৃহীত তথ্য এবং ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে সেপ্টেম্বরের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচ্য মাসে সারা দেশে ২৩৬ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৭৯ জন, যার ৬০ শতাংশ বা ১৯৪৭ জনই অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরী। এ ছাড়া ১৩ জন নারী ও শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন পাঁচজন। অন্যদিকে, মাসজুড়ে নানা সহিংসতায় ৭৮ জন শিশু প্রাণ হারিয়েছে এবং পারিবারিক সহিংসতায় মারা গেছেন আরও ৪৩ জন নারী।
রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, কেবল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ৩৫টি ঘটনা ঘটেছে, যাতে একজন নিহত ও অন্তত ৩৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের মধ্যে সাতটি সংঘর্ষের ঘটনায় ৬১ জন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে ছয়টি সংঘর্ষে একজন নিহত ও ৪২ জন আহত, এবং জামায়াত ও আওয়ামী লীগের দুটি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পাশাপাশি বিএনপি ও এনসিপির মধ্যে তিনটি সংঘর্ষে ১৬ জন এবং বিএনপি ও অন্যান্য দলের সাতটি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যকার সাতটি সংঘর্ষে ৫০ জন আহত ও একজন নিহত হন। সব মিলিয়ে নিহত চারজনের মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপির একজন ও জামায়াতের একজন রয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার কারণে ৩৫টি মব সহিংসতার ঘটনায় ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। বিভিন্ন কারাগারে ২১ জন বন্দির মৃত্যু হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

























