রাজধানীর খুচরা বাজারে মাল্টা, বেদানা, আপেল ও আঙুরের মতো আমদানিকৃত ফলগুলোর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সম্প্রতি ফল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি মাল্টার বর্তমান বাজারদর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এর যৌক্তিক ব্যাখ্যা চান।
বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরবরাহের ঘাটতি এবং উচ্চ শুল্কের বিষয়টিকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়। ব্যবসায়ীদের দাবি, তাজা ফল আমদানিতে বিভিন্ন স্তরে প্রায় ১২১ শতাংশের বেশি শুল্ক-কর পরিশোধ করতে হয়, যা খুচরা বাজারে প্রভাব ফেলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ফলের আমদানি বাড়িয়ে বাজার স্বাভাবিক রাখার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।


























