দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্যোগে বড় অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ার জনপ্রিয় বিমান সংস্থা ‘এয়ার এশিয়া’ কক্সবাজার থেকে পেনাং রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন ও বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক রুট প্রসারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নেপালের কাঠমান্ডু, চীনের কুনমিং এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গেও সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি হিসেবে ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রায় ১৭ হাজার ৯৫৬ বর্গমিটার আয়তনের নতুন টার্মিনাল ভবনটি গত সোমবার থেকে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই টার্মিনাল চালুর ফলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিচালনা সক্ষমতা ৭ লাখ ৩০ হাজার থেকে বেড়ে ১৮ লাখে উন্নীত হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ওয়াইড-বডি উড়োজাহাজ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার সুবিধার্থে বঙ্গোপসাগর থেকে ৪৩ হেক্টর জমি পুনরুদ্ধার করে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে, যা বর্তমানে দেশের দীর্ঘতম রানওয়ে। মালয়েশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধির পাশাপাশি দেশের পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।






















