স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, অপরাধ দমনে বর্তমানে নতুন করে কোনো ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর পরিকল্পনা সরকারের নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জোরালো অভিযান পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এই কার্যক্রম প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও কঠোরভাবে জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।
আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। এছাড়া প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি নিয়ে এটি দেশের বৃহত্তম একটি ফোর্স। কেন্দ্রীয়ভাবে দায়িত্বরত আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ঢাকা ও আশপাশের এলাকায় অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে বলেও জানান তিনি।






















