চীনা নৌবাহিনীর তিনটি আধুনিক যুদ্ধজাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের এক দ্বিপক্ষীয় শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজগুলো চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাদক দল ঐতিহ্যবাহী সামরিক রীতি বজায় রেখে সুরের মূর্ছনায় সফরকারী দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
চীনা নৌবহরটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বন্দর জলসীমায় নিয়ে আসে। পরবর্তীতে বন্দরে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার বিদেশি জাহাজের কর্মকর্তা ও নাবিকদের শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশে নিয়োজিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে চীনের সফরকারী জাহাজের অধিনায়ক এবং দেশটির মিলিটারি অ্যাটাশেসহ একটি সামরিক প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। অবস্থানকালে চীনা কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটিসহ চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখার সুযোগ পাবেন।
একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা যুদ্ধজাহাজগুলো পরিদর্শন করবেন। এই প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের নৌসদস্যরা পেশাগত উৎকর্ষ, পারস্পরিক অভিজ্ঞতা এবং কৌশলগত কার্যক্রম প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সুবিধা পাবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে ভবিষ্যৎ প্রশিক্ষণ, যৌথ সহায়তা এবং দীর্ঘদিনের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সফরসূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর চীনা জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।




















