পাবনায় নাশকতার পরিকল্পনা এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা একটি মাইক্রোবাসে করে শহরে এসে নাশকতার পরিকল্পনা করছিল এবং পরে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, আওয়ামী নেতা আব্দুল ওহাব এর আগেও গ্রেফতার হয়েছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মথুরাপুর এলাকা থেকে আটকের পর পুলিশের ভ্যান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি সুজানগরে দলীয় কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চালিয়ে আসছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

























