চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা থেকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত অন্তত ৫০ জন নেতাকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। ফৌজদারি কার্যবিধির ১৭৩-ক ধারার অপব্যবহার করে তদন্ত শেষ হওয়ার আগেই এসব আবেদন নিষ্পত্তি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, তদন্তে সম্পৃক্ততা না পাওয়ার পরই কেবল আইন অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে।
অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হক। বাকলিয়া ও খুলশী থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হয়েও তিনি অব্যাহতির সুপারিশ পেয়েছেন। এছাড়া একই এলাকার এনামুল হকসহ আরও বেশ কয়েকজন নেতার নামও রয়েছে এই তালিকায়। সিএমপির ক্রাইম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এসব নাম বাদ দেওয়ার সুপারিশ করা হচ্ছে।


























