ঢাকা মহানগরীর তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো খুব দ্রুত কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তরিত করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের এই তথ্য জানান।
পরিদর্শনের সময় তাঁর সাথে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসসিসি প্রশাসক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনাল চালুর কাজ এগিয়ে চলেছে। প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ দূরপাল্লার ১৬টি জেলার বাস সায়েদাবাদ থেকে এখানে সরিয়ে নেওয়া হবে।
তিনি আরও জানান, দূরপাল্লার বাসগুলো শহরের ভেতর প্রবেশ না করায় ঢাকার ট্রাফিক জ্যাম উল্লেখযোগ্যভাবে কমবে। এছাড়া কাঁচপুর থেকে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য পরিবহন মালিকদের সাথে আলোচনা করে একটি বিশেষ ‘শাটল সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে। একই সাথে গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জমিও অধিগ্রহণ করা হচ্ছে।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই আধুনিক টার্মিনালে প্রায় ৪০৫টি বাসের ধারণক্ষমতা, ৩৭৮টি বাস পার্কিং এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এর প্রাথমিক কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।






















