বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণ সহজ করতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ভিসা থাকলেই গ্রাহকরা তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট ক্রয় করতে পারবেন। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এয়ারলাইনসগুলোর নিজস্ব পেমেন্ট সেটেলমেন্ট বা আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ব্যবস্থার মাধ্যমে টিকিট কেনা যাবে। এই লেনদেনগুলো ভ্রমণ কোটার সীমার বাইরে থাকবে এবং ব্যাংকগুলো যাচাই-বাছাই সাপেক্ষে গ্রাহকের কার্ডে প্রয়োজনীয় অর্থ রিফিল করতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রীদের টিকিট বুকিং প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং বিদেশি এয়ারলাইনসগুলোকে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের ওপর বাড়তি নির্ভরশীল হতে হবে না। ব্যাংকগুলোকে এই লেনদেনের তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


























