দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।


























