কেন্দ্রীয় ব্যাংকের কোনো লাইসেন্স ছাড়াই অনলাইনে আর্থিক লেনদেন পরিচালনা করায় এসব গেটওয়েকে বেআইনি ঘোষণা; আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি।
অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসা ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম বা গেটওয়ে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন বা লাইসেন্স ছাড়া এ ধরনের কোনো প্ল্যাটফর্মে লেনদেন চালানো পুরোপুরি অবৈধ এবং আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা মোতাবেক, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা পেমেন্ট ব্যবস্থা পরিচালনা কিংবা কোনো ধরনের পেমেন্ট পরিষেবা প্রদান করতে পারবে না।
এই আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ গ্রাহক যাতে কোনো ধরনের আইনি জটিলতা বা আর্থিক ক্ষতির শিকার না হন, সে লক্ষ্যে এসব অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা কিংবা এগুলোর সঙ্গে যেকোনো ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতা থেকে বিরত থাকার জন্য জোরালো পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তালিকায় অবৈধ ঘোষিত ২২টি প্ল্যাটফর্ম হলো— BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।


























