সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাজারের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পারের অর্ধশতাধিক গ্রামের মানুষ। স্বাধীনতার পর থেকেই এই স্থানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও বছরের পর বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর এই পয়েন্ট দিয়ে প্রতিদিন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে কানাইঘাটের সঙ্গে ওই এলাকার সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় কানাইঘাটের কাড়াবাল্লা, বড়চাতল, কান্দি, দনা ও খাসিয়াপুঞ্জিসহ বিভিন্ন গ্রামের মানুষকে ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার প্রয়োজনে জকিগঞ্জে আসতে হয়। অন্যদিকে জকিগঞ্জের চারিগ্রাম, মরিচা, জালালাবাদ, নালুহাটি ও রায়গ্রামের মতো ২০-২৫টি গ্রামের মানুষ কানাইঘাটে যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করেন।
সেতু না থাকায় কানাইঘাট সীমান্ত এলাকার উৎপাদিত তাজা শাকসবজি, ফল ও পান জকিগঞ্জের ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হয়। শুষ্ক মৌসুমে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করে পারাপার হলেও বর্ষায় নৌকা ছাড়া গতি থাকে না। এর ফলে শিক্ষার্থী, রোগী ও কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। শিক্ষক ছাদিকুর রহমান জানান, সেতু না থাকায় প্রশাসনের নিয়মিত নজরদারি ব্যাহত হয়, যার সুযোগ নিয়ে কানাইঘাটের সীমান্ত এলাকা চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। এই পথ দিয়েই অবৈধভাবে চিনি, গরু ও মাদক পাচার হয়ে থাকে।






















