পুঁজিবাজারে নতুন ও যোগ্য কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার প্রক্রিয়া সহজ করতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত নীতিমালা শিথিল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। একইসঙ্গে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নত করতে বিদ্যমান নিয়ন্ত্রক বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন ও ক্ষেত্রবিশেষে শিথিলতার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার সিকিউরিটিজ এক্সচেঞ্জ ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনারদের সঙ্গে বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্যদের এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় উভয় পক্ষ পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক বিষয়াদি এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক মতবিনিময় করে।
বৈঠকে বিএপিএলসির পক্ষ থেকে জানানো হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনা নির্বিঘ্ন করতে বিদ্যমান নিয়ন্ত্রক শর্তগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, সংশোধন এবং ক্ষেত্রবিশেষে শিথিল করা অপরিহার্য। পাশাপাশি, নতুন ও যোগ্য কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করতে কার্যকর নীতিগত ও নিয়ন্ত্রক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সংগঠনটির মতে, এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নও ত্বরান্বিত হতে পারে বলে তারা আশা প্রকাশ করে।
সভায় পুঁজিবাজার ও বৃহত্তর জাতীয় অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। আলোচনায় আরও সহায়ক, স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিএপিএলসির প্রতিনিধিদলে সংগঠনটির সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নির্বাহী কমিটির সদস্য রওকাদার কাদের, হুমায়ুন রশিদ, সৈয়দ ফারজানাহ চৌধুরী, শরীফ শাহ জামাল রাজ, জেয়াদ রহমান, মো. ইমাম শাহীন, হাসান তারেক, মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম (আখতার), মো. জাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল এমরান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিএপিএলসির মহাসচিব মো. আমজাদ হোসাইনও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিএসইসির পক্ষে সভায় কমিশনার তানভীর হাবিব রহমান ও মো. নাফি উপস্থিত ছিলেন।


























