সারা দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর ভিড় ক্রমশ বাড়ছে। এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সরকার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম জোরদার করেছে।
শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুর শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধ এবং সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক সংগঠন জনউদ্যোগ আয়োজিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এবং জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের খরমপুর মোড়, রঘুনাথ বাজার বাসস্ট্যান্ড হয়ে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু এবং আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল। জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এজন্য সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।


























