চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে ৯৬০ বস্তা (৪৮ টন) ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এসব সার জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ৪টি ট্রাক, ১টি ফিশিং বোট এবং ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মীরসরাইয়ের একটি দল শুক্রবার রাত ১টার দিকে ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালায়। উদ্ধারকৃত ৯৬০ বস্তা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা সার, যানবাহন ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবারও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী একই ধরনের একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে মিয়ানমারে পাচারকালে ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ টন) ইউরিয়া সার এবং ২টি ট্রাকসহ আরও ২ জন পাচারকারীকে আটক করা হয়। সীমান্ত ও উপকূলীয় এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


























