সাইবার স্পেসকেন্দ্রিক অপরাধ বৃদ্ধি মোকাবিলায় আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের অধীনে একটি পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই বিশেষায়িত ইউনিটটি পুলিশ সদরদপ্তরে একজন অতিরিক্ত আইজিপির (এডিশনাল আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে। ইউনিটটির পরিধি দেশের সব মহানগর (মেট্রো), বিভাগীয় ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য থানা ও জেলা পর্যায়ে আধুনিক সরঞ্জামাদি সরবরাহ করা হবে এবং জটিল কেস অনুসন্ধানের জন্য কেন্দ্র ও বিভাগীয় পর্যায়ে উন্নত ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা স্থাপন করা হবে।
সাইবার অপরাধকে আধুনিক অপরাধপ্রবণতার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের কোনো কোনো দেশে মোট অপরাধের প্রায় ৪৪ শতাংশই সাইবার বা স্ক্যামনির্ভর। এই ক্রমবর্ধমান ঝুঁকি বিবেচনা করে প্রকল্প প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যেসব সাইবার অপরাধ স্থানীয়ভাবে বিশ্লেষণ করা সম্ভব তা জেলা ও বিভাগীয় পর্যায়ে নিষ্পত্তি হবে এবং জটিল অপরাধগুলো কেন্দ্রীয় ল্যাবে বিশ্লেষণের জন্য পাঠানো হবে।






















