ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তাঁরা সম্পর্কে পরস্পর চাচাতো ভাই।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গভীর রাতে নামিম ও নিরব সুলতানপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রামরাইল বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

























