জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটার দিকে মাতৃভাষা বাংলায় তিনি তাঁর বক্তব্য প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের মতো কোনো আন্তর্জাতিক কূটনৈতিক আসরে প্রথম উপস্থিতি। বিশ্বমঞ্চে যোগদানের উদ্দেশ্যে গত ২১ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছান। এর আগে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম দুটি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনে যান।
বিশ্বমঞ্চে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর এই ভাষণ প্রদানকে এক ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের এই সর্বোচ্চ মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। আজ তাঁদেরই দেখানো পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল মঞ্চে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অবস্থান বিশ্বনেতাদের সামনে ফুটিয়ে তুললেন তারেক রহমান।






















