স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) উদ্যোগে ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিট লেআউট চূড়ান্তকরণ বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবসময় উদ্ভাবনী ও টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের কর্মশালার মাধ্যমে প্রস্তুত ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট ক্রিলিকের জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেমকে আরও সমৃদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে কাজী সাইফুল কবীর বলেন, এই কর্মশালার মাধ্যমে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলোকে আরও নিখুঁত ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্প সমাপ্তির পরেও এসব তথ্যচিত্র ভবিষ্যতে নতুন টেকসই অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের পথ দেখাবে।
কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রতিনিধি দল পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাদের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় এলজিইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






















