রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আলোচিত এই মামলায় আসামিদের তালিকায় রয়েছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা ও খন্দকার মুশতাক আহমেদের শ্বশুর মো. সাইফুল ইসলাম।
বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তদন্ত কর্মকর্তা জানান, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী ও নেতা।
রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—নিরব খান, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল শিকদার, মো. সাহেদ, শান্ত শেখ, মো. হারুন মাইজভান্ডারি, খালেদ মাহমুদ ফয়সাল, মো. সফিকুর রহমান, মো. বিল্লাল গাজী, মো. ইসমাইল সিরাজী, মো. আরিফুর রহমান দিপু, মো. ইদ্রিসুল আলম, মো. জয়নাল আবেদীন মামুন, জয়ন্ত কুমার বাড়ৈ এবং মো. মোজাম্মেল হক।
আদালতে রাষ্ট্রপক্ষ আসামিদের রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের এই আদেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান এলাকায় নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছিল।


























