জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের সেবা দিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে ‘বিজিএমইএ জাপান ডেস্ক’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বুধবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডেস্কের উদ্বোধন করা হয়। ‘সংযোগ, সহযোগিতা ও সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। জাপানি বাজারে পোশাক রপ্তানি বাড়াতে গত বছর বিজিএমইএ ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করে, যার ধারাবাহিকতায় এই ডেস্ক চালু হলো।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ওয়ান-স্টপ প্ল্যাটফর্মের মাধ্যমে জাপানি বিনিয়োগ সহজতর হবে এবং ছোট ও মাঝারি অর্ডারের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) ও কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান বাংলাদেশি পোশাক খাতের মার্চেন্ডাইজিং কর্মকর্তাদের জন্য জাপানের ভ্রমণ ভিসা সহজ করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক ও কোঅর্ডিনেটিং ডাইরেক্টর মোহাম্মদ সোহেল এবং জাপান কমিটির উপদেষ্টা কাজী সারওয়ার হাবিব।


























