গণশুনানি ও অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
মঙ্গলবার আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সই করা এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা ও রাজস্ব চাপের অজুহাতে নেওয়া এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। দেশের কৃষি, শিল্প ও উৎপাদনশীল খাতকে সুরক্ষায় দিতে আইপিডি সরকারের কাছে ৭ দফা দাবি পেশ করেছে।
সংস্থার দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে বর্ধিত মূল্য বাতিল করা, ভবিষ্যতে মূল্য সমন্বয়ের আগে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা এবং জ্বালানি আমদানির ওপর শুল্ক ও ভ্যাট কমিয়ে ভোক্তার ওপর চাপ কমানো। এছাড়া কৃষি ও গণপরিবহনে লক্ষ্যভিত্তিক ডিজিটাল সহায়তা চালু এবং বিদ্যুৎ খাতের অপচয় রোধে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


























