পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন-এর অতিরিক্ত ডিআইজি এবং খাগড়াছড়ির ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে টিডিএস কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
জেলা পুলিশেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। র্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজবাড়ী ও মেহেরপুর জেলাতেও নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশে বেশ কিছু পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করে নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের গতিশীলতা আনতেই নিয়মিত এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















