বিনিয়োগের পরিবেশ উন্নয়ন ও দেশীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ। চলতি বছরের ১৬ মার্চ এই পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়েছে, নির্ধারিত ১৬টি কর্মধারার মধ্যে ১৪টির আওতায় অন্তত ২০টি উদ্যোগের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। তবে বড় প্রকল্পগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়নে আরও সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সরকারের বিনিয়োগবান্ধব অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, দ্রুত সেবা নিশ্চিত করা এবং বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে এবং বড় প্রজেক্টগুলো নিয়ে কাজ চলমান রয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ শুরু হয়েছে, যা ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্পের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হলে সেখানে প্রায় ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। মোংলা অর্থনৈতিক অঞ্চলেও নতুন বিনিয়োগের সুযোগ তৈরির কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


























