বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে (ওবিইউ) সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনুমোদিত বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিযোগিতামূলক ব্যয়ে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সুনির্দিষ্ট সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহক লেনদেন সহজতর করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার করা, সম্পদ-দায় ব্যবস্থাপনা কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতেই মূলত এই নতুন সুবিধা দেওয়া হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, নতুন ব্যবস্থার আওতায় ওবিইউগুলো নিজেদের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট, অন্যান্য অনুমোদিত ডিলার ও ওবিইউ এবং সংশ্লিষ্ট কাউন্টারপার্টির সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেন সম্পন্ন করতে পারবে।
এর ফলে ওবিইউগুলো উপযুক্ত উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ, তহবিলের কাঠামো গোছানো এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে সক্ষম হবে। বিশেষ করে অনুমোদিত বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ব্যয়ে অর্থায়ন পাওয়ার পথ আরও সুগম হবে।
বাংলাদেশ ব্যাংক ওবিইউগুলোকে বিচক্ষণ বৈদেশিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনা কৌশল অনুসরণের পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে সাশ্রয়ী মূল্যের বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করার ওপর জোর দিয়েছে।


























