ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি এবং বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা। প্রস্তাবিত এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে বিশাল পদযাত্রা করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা মহাসড়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রস্তাবটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহলের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া চলছে, যা স্থানীয় সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে সড়ক ও রেলপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।






















