ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে পরাজয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের কাছে ৮ উইকেটে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান থেকে পাঁচ নম্বরে নেমে গেছে টাইগাররা। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণ এখন বেশ কঠিন হয়ে পড়েছে।
চলমান ২০২৫–২৭ চক্রে এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে তিনটিতে জয় এবং তিনটিতে হারের বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে। মোট ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট প্রাপ্তির শতকরা হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৬২ শতাংশ। এই টেস্টের আগে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। তবে টাইগারদের পরাজয়ে ৫১ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চারে জায়গা করে নিয়েছে ভারত।
আইসিসির সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ)। এরপরেই যথাক্রমে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৬৯.২৩ শতাংশ)। পয়েন্ট টেবিলের ছয় থেকে নয় নম্বরে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের সামনে আর পাঁচটি টেস্ট ম্যাচ রয়েছে। সিলেটে ৫ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ঘরের মাঠে ইংল্যান্ড এবং পরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুটি করে ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিক জয়ের বিকল্প নেই দলের সামনে।

























