১২ কেজি ওজনের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ১৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতি ১২ কেজির দাম ২২৩২ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। বর্তমানে নির্ধারিত মূল্য ১৮৩৭ টাকা থাকলেও বাজারে তা ২১০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে—এমন অভিযোগ তুলে শুনানিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে শুনানি বয়কট করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা অংশ নেন।


























