সুদৃঢ় ব্যবসায়িক কৌশল, সুশাসন এবং গ্রাহকবান্ধব কার্যক্রমের ফলে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে দারুণ আর্থিক সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির সমন্বিত কার্যক্রম ও ব্যালেন্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, অঙ্গপ্রতিষ্ঠানসহ ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি টাকায়, যা আগের বছর একই সময়ে ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা। এককভাবে ব্যাংকটির নিট মুনাফা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৫৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।
ব্যাংকিং খাতে বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকটি আমানত ও ঋণ বিতরণে ইতিবাচক ধারা বজায় রেখেছে। বিগত বছরের ডিসেম্বরের তুলনায় গ্রাহক আমানত ১৬ শতাংশ এবং ঋণ ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে কস্ট-টু-ইনকাম রেশিও ৪১ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।


























