ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অননুমোদিত সমাবেশে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়া সৌদি আরবে সভা–সমাবেশ আয়োজনের অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে অননুমোদিতভাবে নির্বাচনী সভা–সমাবেশ আয়োজনের অভিযোগে কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস, রিয়াদ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল–রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসাবাড়িতে অনুমতি ছাড়াই বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা–সমাবেশ আয়োজন করা হয়। একই সঙ্গে দলবদ্ধভাবে প্রচার–প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী কতিপয় বাংলাদেশিকে আটক করেছে বলে দূতাবাস অবহিত হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলা হয়েছে, যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা–সমাবেশ আয়োজন, দলবদ্ধ প্রচার–প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।
একই সঙ্গে সৌদি আরবের আইন–কানুন ও বিধি–বিধান কঠোরভাবে মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
















