শুটিং থেকে বিরতি নিয়ে তিন মাস নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা, ইঙ্গিত মিলছে বিশেষ চরিত্রের প্রস্তুতির
মায়ের শিকড় বাংলায়—এবার সেই শিকড়ের টানেই বাংলা ভাষা শিখতে শুরু করেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। আগামী কয়েক মাস শুটিং থেকে বিরতি নিয়ে তিনি নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন।
মায়ের শিকড় বাংলার মাটিতে হলেও এতদিন বাংলা ভাষার সঙ্গে তেমন ঘনিষ্ঠতা ছিল না তাঁর। এবার সেই দূরত্ব ঘোচাতে উদ্যোগী হলেন বলিউডের নবাব সাইফ আলি খান। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী কয়েক মাস শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নিয়ে বাংলা ভাষা শেখায় মনোযোগ দেবেন।
জানা গেছে, আগামী তিন মাস তিনি বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন। এই খবরে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে—তাহলে কি বাংলা ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি? মায়ের মতো কিংবা বোন সোহা আলি খান–এর পথ ধরে বাংলা সিনেমায় পা রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সাইফ। ঘনিষ্ঠ সূত্রের দাবি, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তিনি বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছেন। কোন চরিত্র বা কার জীবনী—সে বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ অভিনেতা।
এদিকে ব্যক্তিগত জীবনেও এক কঠিন সময় পার করছেন সাইফ আলি খান। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা এখনো মানসিকভাবে তাকে নাড়া দেয়। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজল–এর টক শোতে এসে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেন তিনি। জানান, ঘটনার স্মৃতি এখনো তাকে আতঙ্কিত করে তোলে।
এই পুরো প্রক্রিয়ায় সাইফের পাশে রয়েছেন তাঁর মা শর্মিলা ঠাকুর। বাংলা ভাষা শেখার ক্ষেত্রে ছেলেকে নিয়মিত সাহায্য করছেন তিনি। সব মিলিয়ে, সাইফ আলি খানের এই নতুন উদ্যোগকে শিকড়ে ফেরার এক নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ যাত্রা বলেই দেখছেন অনেকে।
















