কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভস্থ গ্যাস নির্গত হয়ে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর একটি ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে গত তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীরে খননের একপর্যায়ে মঙ্গলবার ভোরে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। এর পরপরই গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং তখন থেকেই সেখানে আগুন জ্বলছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস নির্গত হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব না হওয়ায় মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন।
এদিকে, সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় সামলাতে সংশ্লিষ্টদের বেগ পেতে হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলে ওঠার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।


























