চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে নারী-শিশুসহ পুশইন, আটক করে থানায় হস্তান্তর বিজিবির
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদ জানান, সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে লালমাটি এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, আটক সবাই বাংলাদেশি নাগরিক।
আটকদের মধ্যে রয়েছে দুইজন শিশু, নয়জন নারী এবং চারজন পুরুষ। তারা খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, মানিকগঞ্জ ও ঢাকা জেলার বাসিন্দা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন—দুই বছর আগে কাজের সন্ধানে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গত এক মাসে বিভিন্ন সময়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর রোববার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
নাম-ঠিকানা যাচাই শেষে আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগেও একই সীমান্ত এলাকায় পুশইনের ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আটজন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ।
















