আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। শনিবার আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কৃষি মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ জলকামান, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে।
সরকারি দুর্নীতি, উচ্চ বেকারত্ব এবং শিক্ষার নিম্নমানের প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবন ও ব্যাংকে হামলা চালায় এবং দোকানপাটের কাচ ভাঙচুর করে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী রামার সরকারের জন্য এই আন্দোলনকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীদের দাবি নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী রামা অভিযোগ করেছেন, এই অস্থিরতা দেশের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথকে বাধাগ্রস্ত করছে।























