যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো নতুন সামরিক অভিযানের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে সতর্ক করেছে ইরানের সশস্ত্র বাহিনী। পারস্য উপসাগর ও এর আশপাশের সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা করলে সেগুলোতে হামলা চালানো হবে বলে ইরানের সামরিক কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন। অপরদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবার হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীকে আর আঞ্চলিক জলসীমায় ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে ট্রাম্প সতর্ক করেছেন যে, নতুন কোনো সামরিক অভিযান চালানোর পথ খোলা রয়েছে। দুই দেশের এমন কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের হুথি দলসহ আঞ্চলিক বিভিন্ন সশস্ত্র গ্রুপ এবং ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় সার্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন দেশ সংকট নিরসনে আলোচনা চালিয়ে গেলেও এখনও কার্যকর কোনো সমাধান দৃশ্যমান হয়নি।























