ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাট, পেঁয়াজ, রসুন ও চালের ৯টি গুদাম পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি পাটের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।






















