শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করে সৃজনশীল শিল্পকে দেশের নতুন জিডিপি প্রবৃদ্ধির চালিকাশক্তি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধান ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর হোটেল শেরাটন বনানীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা জানান।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রথাগত অর্থনৈতিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিকে দেশের মূল অর্থনৈতিক ভাবনার অংশ হিসেবে যুক্ত করেছে। সরকারের নীতিগত পৃষ্ঠপোষকতা ও বাজেট বরাদ্দের পাশাপাশি বেসরকারি খাত এবং এনজিওগুলোর যৌথ অংশীদারিত্বে এই খাতকে এগিয়ে নেওয়া হবে। তিনি আরও জানান, দেশীয় কারুশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের বিপণন নিশ্চিত করা হবে, যা প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশে অচিরেই একটি ইতিবাচক সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে।






















