স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এক দিনে বা এক মাসে দূর করা সম্ভব নয় উল্লেখ করে সরকারি চিকিৎসাসেবা মানসম্মত করতে সরকারের ধারাবাহিক উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালসহ একাধিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মমেক হাসপাতালে নির্ধারিত রোস্টার অনুযায়ী কয়েকজন চিকিৎসকের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি দেখতে পেয়ে মন্ত্রী তাদের তালিকা সংগ্রহ করেন এবং দায়িত্বে অবহেলার জন্য দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দেশে জনসংখ্যা ও রোগীর তুলনায় চিকিৎসকের স্বল্পতার কথা স্বীকার করে তিনি জানান, শিগগিরই স্বাস্থ্য খাতে ৫ হাজার চিকিৎসক, নার্স এবং স্বাভাবিক প্রসব নিশ্চিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। এছাড়া আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার বেশি অর্থমানের দরপত্র আহ্বান, ৫টি আধুনিক রোবোটিক সার্জারি মেশিন আনা ও রেডিওথেরাপির সুবিধা সম্প্রসারণের ঘোষণা দেন মন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যখাতের শৃঙ্খলা রক্ষায় মন্ত্রী স্পষ্ট জানান, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। বিদ্যমান ক্লিনিকগুলোতে উপযুক্ত কন্ডিশন, লেবার রুম ও সেবার মান না থাকলে সেগুলো সরাসরি বন্ধ করে দেওয়া হবে। এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেখানকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং আগামী সপ্তাহের মধ্যে তারাকান্দায় ইনডোর সেবা চালুর নির্দেশ দেন মন্ত্রী।


























