শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভাগীয় নগরী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন এবং জনসভায় অংশ নিতে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শিক্ষার্থীদের সান্নিধ্যে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। পথিমধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে নিজের বহর থামিয়ে নামেন তিনি, শিক্ষার্থীদের সাথে উচ্ছ্বসিত হয়ে সেলফি তোলেন এবং তাঁদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে সেখান থেকে সড়কপথে বাসে চেপে রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে বহু শিক্ষার্থীকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাৎক্ষণিক গাড়ি বহর থামিয়ে শিক্ষার্থীদের মাঝে যান। আকস্মিকভাবে দেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এবং ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ নানা খেলাধুলার সামগ্রী উপহার পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আবেগাপ্লুত ও আনন্দিত হয়ে পড়েন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর এই কুশল বিনিময় মুহূর্তটি সবার জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। এ সময় তিনি কলেজের সার্বিক অবকাঠামোগত মান উন্নয়নের স্বার্থে দুটি নতুন ছাত্রাবাস ও একটি বহুতল হল রুম নির্মাণের লিখিত আবেদন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আজ সারাদিনে তিন বিভাগে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করেন তিনি। এরপর পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানে চড়ে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছান।
রাজশাহীতে মন্দির পরিদর্শন এবং বিকেলে ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ) বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান ও কৃষি প্রণোদনা উন্মোচন করেন। রাজশাহী পর্বের কর্মসূচি শেষে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। চট্টগ্রাম সফর সম্পন্ন করে আজ রাতে পুনরায় বিমানে ঢাকায় প্রত্যাবর্তন করবেন প্রধানমন্ত্রী।






















