শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সকাল সোয়া ৭টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে তিনি জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর সম্মান জানান তিনি।
এর আগে সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনিও কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানান।
প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের এই বেদনাবিধুর দিনে নিহত দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের স্মরণ করে জাতি। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার অধ্যায় হিসেবে বিবেচিত।
















