কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থার কারণে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সীমান্তে এই সাময়িক বিঘ্ন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
এর আগে নিরাপত্তা উদ্বেগ ও চোরাচালান প্রতিরোধের কথা উল্লেখ করে ইরানের সঙ্গে নির্দিষ্ট সীমান্তপথে বাণিজ্য স্থগিত করেছিল পাকিস্তান। উভয় দেশই সাম্প্রতিক সময়ে বাণিজ্য সম্প্রসারণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, চলমান আলোচনার মাধ্যমে খুব দ্রুতই সীমান্ত পয়েন্টগুলোতে স্বাভাবিক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।























