কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার মধ্যরাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর এলাকার একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদকে ডিবি পুলিশ আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ নুরপুরের ওই বাড়িতে লুকিয়ে আছে খবর পেয়ে স্থানীয় জনতা বাড়িটি ঘেরাও করে। প্রায় আধা ঘণ্টা ঘরের ভেতর লুকিয়ে থাকার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরপুর থেকে তাকে আটক করেছে।
কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব অভিযোগ করেছেন, মূল অভিযুক্ত তৌহিদ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে ব্যবসা করছিলেন এবং নিজের আধিপত্য টিকিয়ে রাখতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক নিহত আবু কাউসারকে দক্ষিণ জেলা যুবদলের সাবেক নিবেদিত নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এখনও মামলা করা হয়নি। নিহত কাউসারের লাশ শনিবার দুপুরে জানাজা ও দাফন করার পর ভুক্তভোগীর পরিবার মামলা করবে। পরিবার শোকাহত থাকায় তারা কাল মামলা করতে পারেনি।


























