দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে আজ রোববার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল ও আরামবাগসহ বিভিন্ন প্রধান সড়ক এবং নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক পথচারীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক স্কুলের সকালের শিফটের ক্লাসও বাতিল করা হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, এই বৃষ্টি আজ ও আগামীকাল থেমে থেমে চলতে পারে এবং পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে। এছাড়া ঝোড়ো হাওয়ার আশঙ্কায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


























