জীবনযাত্রার ক্রমাগত ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থী ও কৃষকদের সঙ্গে যোগ দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা। সপ্তাহান্তে আয়োজিত দেশব্যাপী এ কর্মসূচিতে প্রায় পৌনে দুই লাখ মানুষ রাজপথে অংশ নেন বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
ফ্রান্সের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হাই স্কুলের শিক্ষার্থী ও কৃষকদের দাবির সমর্থনে এবার মাঠে নেমেছেন জলবায়ু আন্দোলনকর্মী, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন অধিকার সংগঠনের সদস্যরা। দেশজুড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মসূচি ও প্রায় শতাধিক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা মূলত শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। তবে রাজধানী প্যারিসসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে এ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্যারিস পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সামগ্রী বহন ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া একটি সম্প্রচারমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় নেওয়া হয়েছে।























