কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় গভীর মর্মাহত প্রকাশ করে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ তৎপরতা চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রধান আসামি তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং তার কাছ থেকেই নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়েছে। রামিশা হত্যার মতো এই মামলাটিরও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করতে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে গত শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপ্রতিমের চেয়ে বয়সে ৫ থেকে ১০ বছরের বড় কিশোর অপরাধ চক্রের সদস্যদের সঙ্গে তার যাতায়াত ও ওঠাবসা ছিল। বর্তমানে এ ঘটনার আইনানুগ প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম জোরেশোরে চলছে।






















